তাহসিফের মৃ"ত্যু রহস্য, ৪০ জনের সাক্ষ্য নিল পুলিশ
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও রহস্যের জট খোলেনি। তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—এই তিনটি বিষয় সামনে রেখে তদন্ত চালাচ্ছে নৌ পুলিশ। ইতোমধ্যে অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি চারটি গুরুত্বপূর্ণ স্থানের তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। তবে এখনো ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পায়নি তদন্ত সংস্থা।
তাহসিফের বাবা একেএম এনায়েতুল করিম এ ঘটনায় হত্যা মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার হয়েছেন তাহসিফের বন্ধুসমতুল্য স্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার দীপ (২৩) এবং তার পূর্বপরিচিত এক তরুণী। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। তবে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
মামলার তদন্ত তত্ত্বাবধান করছেন নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. রেজাউল করিম। তিনি জানিয়েছেন, হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনা—সব সম্ভাবনা সামনে রেখেই তদন্ত চলছে। ঘটনার সব প্রশ্নের উত্তর পাওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্তের ফল জানানো হবে। এরপর আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হবে।
লাশ উদ্ধারের পর তৈরি সুরতহাল প্রতিবেদনে তাহসিফের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের সময় তার পাকস্থলী, লিভার, কিডনি ও রক্তের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়। এসব পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে। তখন মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
এদিকে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্য এবং টেলিভিশনের টকশোতে আলোচকদের মন্তব্যও যাচাই করছে নৌ পুলিশ। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এসব বক্তব্যের মধ্যে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সূত্র বা তথ্য থাকতে পারে। এ বিষয়ে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি।
তদন্তকারীরা বলছেন, কোনো একটি তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাতে চান না তারা। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, চলাচলের তথ্য এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।
যেভাবে নিখোঁজ হন তাহসিফ
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পে নিজেদের বাসার নিচ থেকে দীপের মোটরসাইকেলে করে বের হন তাহসিফ। পরে পূর্বপরিচিত এক তরুণীকে সঙ্গে নিয়ে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান। সেখানে দীপও উপস্থিত ছিলেন।
পরদিন ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে নৌ পুলিশ জানতে পারে, উত্তরখান থানার রাজবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদে এক ব্যক্তির মরদেহ ভাসছে। পরে মরদেহের পায়জামার পকেটে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি (২৮)।
তবে তার মৃত্যু কীভাবে হয়েছে, তা জানতে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে নৌ পুলিশ। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণের পরই এ রহস্যের চূড়ান্ত উত্তর মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন